টেলিফোন না করে জ্বর সর্দি-কাশি নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে আগমন নয়

আপডেট : ২২ মার্চ ২০২০, ২১:৩৭

খুলনা অফিস

জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত ব্যক্তি হাসপাতালে না এসে প্রথমে টেলিফোনে জেলা-উপজেলা পর্যায়ে স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণ কক্ষের চিকিত্সকদের থেকে চিকিত্সা পরামর্শ নিতে পারবেন। জেলা সিভিলসার্জনরা হাসপাতালভিত্তিক নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বরসমূহ প্রচারের ব্যবস্থা করবেন। প্রয়োজন মনে করলে স্বাস্থ্য বিভাগ রোগীর বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠিয়ে করোনা ভাইরাস শনাক্তকরণের নমুনা সংগ্রহ করবে। রবিবার দুপুরে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত করোনা ভাইরাস সংক্রান্ত খুলনা বিভাগীয় কমিটির সভা ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার সভায় সভাপতিত্ব করেন।

সভায় খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুত্ফুল কবির, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানাসহ বিভাগীয় পর্যায়ের সরকারি দপ্তরসমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।