সাব-ইন্সপেক্টর শূন্যপদ পূরণে অপেক্ষমাণ তালিকা

আপডেট : ২২ মার্চ ২০২০, ২১:৪৫

বাংলাদেশ পুলিশের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) নিয়োগ ২০১৯ পরীক্ষায় ১ লাখ ২৫ হাজার প্রার্থীর মধ্যে শারীরিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা ৪১২৫ প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হই। তার মধ্যে সিলেকশন বোর্ড গত ৯ ফেব্রুয়ারি ১৪০২ জনকে সাময়িকভাবে সুপারিশ করেছেন। বিভিন্ন জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এদের অনেকেই স্বেচ্ছায় মেডিক্যাল ফরম পূরণ করেনি। আবার চূড়ান্ত পুলিশ ভেরিফিকেশন রিপোর্টেও কিছু সংখ্যক প্রার্থী বাদ পড়ার একটা সুযোগ রয়েছে। বিগত বছরগুলোর চূড়ান্ত ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, প্রতি বছর ১৫০-২০০ প্রার্থী বাদ পড়ে। এছাড়া ইতোমধ্যে বেশ কয়েকটি সরকারি ব্যাংকের বিভিন্ন পদসহ অন্যান্য প্রথম-দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরির ফলাফল প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এসব পরীক্ষায় চূড়ান্তভাবে মনোনীত হলে অনেকেই এসআই নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের মৌলিক প্রশিক্ষণে অংশ নেবে না। প্রতি বছরই শ’দুয়েক প্রার্থী চূড়ান্ত মেডিক্যাল, পুলিশ ভেরিফিকেশনের পর কিংবা অন্যান্য সরকারি চাকরিতে যোগদান করায় বাংলাদেশ পুলিশের শ’দুয়েক পদ শূন্য থেকে যায়। উল্লিখিত বিষয়টি বিবেচনা করে এসআইয়ের শূন্যপদ পূরণে অপেক্ষমাণ তালিকা থেকে সুপারিশ করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. সাদেক হোসেন

গ্রাম: ছায়কোট, থানা: চান্দিনা, জেলা: কুমিল্লা