করোনা ভাইরাসের বিস্তার রোধে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১ এপ্রিল এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পরীক্ষা আপাতত স্থগিত করা হলেও আগামী এপ্রিল মাসের প্রথম দিকে এইচএসসি ও সমমান পরীক্ষার পরবর্তী তারিখ জানানো হবে।
জানা গেছে, শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের নিয়ে সভা করে পরীক্ষা পেছানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেয়, মন্ত্রণালয়ে সে প্রস্তাব পাঠালে তার ভিত্তিতে এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে এইচএসসি পরীক্ষার আইনশৃঙ্খলা কমিটির বৈঠক স্থগিত হয়েছে। এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র চলমান বিতরণ কার্যক্রম স্থগিত করেছে সব শিক্ষা বোর্ড।
উল্লেখ্য, ১ এপ্রিল থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর কথা ছিল। ৪ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা শেষ হবার কথা ছিল। এরপর ৫ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত আয়োজন করতে বলা হয়েছিল। সারাদেশে প্রায় ১২ লাখ এইচএসসি পরীক্ষার্থী রয়েছে।
