নিরাপত্তা সামগ্রীর দাবি

খুলনায় ইন্টার্ন চিকিত্সকদের কর্মবিরতি

আপডেট : ২২ মার্চ ২০২০, ২২:৩৩

প্রয়োজনীয় পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) না থাকায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিত্সকরা কর্মবিরতি পালন করেছে। গতকাল রবিবার দুপুর ২টা থেকে হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগী দেখা বন্ধ করে এ কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিত্সকরা। হাসপাতালের ইন্টার্ন চিকিত্সক পরিষদের সাধারণ সম্পাদক ডা. হাসান শাহরিয়ার এ তথ্য জানান। হাসপাতালটিতে দেড় শতাধিক ইটার্ন চিকিত্সক কর্মরত রয়েছেন।

ইন্টার্ন চিকিত্সক পরিষদের সাধারণ সম্পাদক ডা. হাসান শাহরিয়ার বলেন, করোনা ভাইরাস আতঙ্কে সাধারণ মানুষের মধ্যে যেমন উদ্বেগ বেড়েছে, চিকিত্সকদের মনেও রয়েছে একই রকমের উদ্বেগ। কারণ রোগীদের চিকিত্সাসেবায় নিয়োজিত চিকিত্সকরাই রয়েছেন অনেকটা অরক্ষিত। গত কয়েকদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ইন্টার্ন চিকিত্সকরা তাদের পিপিই দাবি করলেও ব্যবস্থা হয়নি। আবার বাজার এসব সরঞ্জামের সংকট থাকায় টাকা দিয়েও তা কেনা সম্ভব হচ্ছে না। তাই সব চিকিত্সক আতঙ্কে রয়েছেন।

এ ব্যাপারে খুমেক হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ বলেন, ‘আমি ইন্টার্ন চিকিত্সকদের কর্মবিরতি তুলে নেওয়ার আহ্বান জানিয়েছি। পিপিই ছাড়া সর্দি-জ্বরের রোগীদের তাদের কাছে পাঠানো হবে না বলেও আশ্বস্ত করেছি। তারপরও তারা কর্মবিরতিতে রয়েছেন। আশা করি, দ্রুত এ সমস্যার সমাধান হবে।