দুই করোনা রোগী শনাক্ত

সাদুল্লাপুর লকডাউনে জেলা প্রশাসনের না

আপডেট : ২২ মার্চ ২০২০, ২২:৩৩

গাইবান্ধায় এক নারী ও এক যুবকের নভেল করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটি সাদুল্লাপুরকে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এ সিদ্ধান্ত অনুমোদনের জন্য গাইবান্ধা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির নিকট পাঠানো হয়। কিন্তু জেলা কমিটি এই সিদ্ধান্ত অনুমোদন দেয়নি বলে জানা গেছে। এদিকে এই ঘটনায় জেলাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুর ইসলাম জানান, উপজেলার হবিবুল্লাপুর গ্রামের কাজল চন্দ্র মন্ডলের বোনের বিবাহোত্তর অনুষ্ঠানের নিমন্ত্রণে তার বাড়িতে আমেরিকা প্রবাসী দুই জন আত্মীয় গত ১১ মার্চ আসেন। তারা দুই জন ঐ বাড়িতে  থেকে ১৩ মার্চ বিবাহোত্তর অনুষ্ঠানের নিমন্ত্রণ খেয়ে গাইবান্ধা শহরের খাঁ পাড়ায় নিজ বাড়িতে চলে যান। পরে বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগের নজরে এলে তাদের দুই জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

তিনি আরো জানান, পরে তাদের দুই জনের নমুনা ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। গতকাল সকালে ঢাকার আইইডিসিআর থেকে জানানো হয় ঐ দুই জনের নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এদিকে ঐ বিবাহোত্তর অনুষ্ঠানে কমপক্ষে ৫০০ লোকের সমাগম ঘটে। পরবর্তীতে এই বিয়ে অনুষ্ঠানে দাওয়াতপ্রাপ্তরা গত ২১ মার্চ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের অনুষ্ঠিত উপনির্বাচনে ভোটও প্রদান করেন। এছাড়া তারা (এই বিয়ে অনুষ্ঠানে দাওয়াতপ্রাপ্তরা) হাটবাজারসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। এই অবস্থায় ভাইরাসটি দ্রুত সংক্রমণ ঘটতে পারে বলে সকালেই উপজেলা করোনা প্রতিরোধ কমিটি জরুরি সভায় সাদুল্লাপুর উপজেলাকে লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরো বলেন, কাজল চন্দ্র মন্ডলের স্ত্রীও এখন অসুস্থ। তবে তাকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ জানান, উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুমোদনের জন্য গাইবান্ধা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি গাইবান্ধা জেলা প্রশাসকের নিকট পাঠানো হয়েছে। তবে জেলা প্রশাসক মো. মতিন জানান, লকডাউন করার মতো পরিস্থিতি সৃষ্টি না হওয়ায় ঐ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয় নাই।

এদিকে গাইবান্ধা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব জেলার সিভিল সার্জন এস এম আবু হানিফ বলেছেন, বিষয়টি নিয়ে আলোচনা চলমান আছে।  তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। আজ ঢাকা থেকে আইইডিসিআর প্রতিনিধি দল আসবে। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।