গুজবের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান আওয়ামী লীগের

আপডেট : ২৩ মার্চ ২০২০, ০০:৩৭

করোনা ভাইরাস নিয়ে সব ধরনের গুজব, মিথ্যা তথ্য, অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সম্পর্কে দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছে আওয়ামী লীগ। একই সঙ্গে এসব অপকর্মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জড়িত ব্যক্তিদের সম্পর্কে প্রশাসনকে অবহিত করতেও দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন দলটি। গতকাল রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে দল ও সব সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এমন ছয় দফা নির্দেশনা দেন। বিবৃতিতে তিনি বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় দলের নেতাকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে চলে দেশব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপযোগী কর্মসূচি পরিচালনারও নির্দেশ দেন।

বিবৃতিতে ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীর ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে চলে সারাদেশের জনগণের মধ্যে বিজ্ঞানসম্মতভাবে করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে হবে।

সারাদেশের নেতাকর্মীদের ছয় দফা নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও শহর পর্যায়ে সাম্প্রতিক সময়ে বিদেশফেরত ব্যক্তিবর্গের তালিকা প্রস্তুত করে ঐ সব ব্যক্তির তথ্য স্থানীয় পর্যায়ের প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে অবহিত করতে হবে এবং সবাইকে স্বাস্থ্য বিভাগের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন। প্রয়োজনে সরকার ঘোষিত হটলাইনে যোগাযোগ রক্ষা করবেন। বাজারে গুজব সৃষ্টি করে মূল্য বাড়ানোর তত্পরতা সম্পর্কে সতর্ক অবস্থান গ্রহণের জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে কোনো ধরনের খাদ্য-সংকট নেই। বাজারে গুজব সৃষ্টি করে প্রয়োজনীয় ওষুধ ও চিকিত্সাসামগ্রী এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির অপতত্পরতা ও মজুতদারির বিরুদ্ধে সতর্ক অবস্থান গ্রহণ করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোনো ব্যক্তির মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের কোনো প্রকার উপসর্গ দেখা দিলে স্থানীয় স্বাস্থ্য বিভাগকে অবহিত করে তাদের যথাযথ চিকিত্সাসেবা প্রদানে সহযোগিতা করবেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনস্বাস্থ্য তথা দেশের প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও জীবনের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর। তিনি বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে নিবিড়ভাবে কাজ করে চলেছেন।