রাজধানীর মিরপুরের টোলারবাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৬ বছর বয়সি এক বৃদ্ধ গতকাল রবিবার রাতে মারা গেছেন। গত শনিবার টোলারবাগের করোনা ভাইরাসে যে ব্যক্তি মারা গেছেন, তার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল এই বৃদ্ধের। তিনি থাকতেন তাদের পাশের ভবনে। পুলিশের দারুস সালাম জোনের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা আফরোজ লাকী জানিয়েছেন, ঐ ব্যক্তির করোনা ভাইরাস পজিটিভ ছিল বলে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) নিশ্চিত করেছে। আইইডিসিআরের তত্ত্বাবধানে তার দাফন করা হবে বলে জানিয়েছেন তিনি।
টোলারবাগ এলাকার ভবন মালিক সমিতির সভাপতি শুভাশিষ বিশ্বাস গণমাধ্যমকে জানান, ঐ ব্যক্তি উত্তর টোলারবাগের বাসিন্দা এবং সেখানকার দারুল ইহসান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বলেন, আগের দিন মিরপুরের ডেল্টা হাসপাতালে করোনা ভাইরাসে মৃত ব্যক্তির প্রতিবেশী ছিলেন এই বৃদ্ধ। তারা দুই জনই একই মসজিদে নামাজ পড়তেন। দুজন খুব ঘনিষ্ঠ ছিলেন।
জানা গেছে, ঐ বৃদ্ধ গত দুই-তিনদিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে আইইডিসিআর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। গতকাল বিকালে অসুস্থ হয়ে পড়লে আবার তাকে অ্যাম্বুলেন্সে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
