শেরপুরে কোয়ারেন্টাইন মানছেন না প্রবাসীরা, আতঙ্কে মানুষ

আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৮:৫০

শেরপুরে বিভিন্ন দেশ থেকে ফেরা প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন মানছেন না বলে অভিযোগ উঠেছে। 

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে গত ১৮ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত ৯২০ জন প্রবাসী শেরপুর জেলা সদরসহ ৫টি উপজেলায় ফিরেছেন। এদের হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু তারা তা মানছেন না। 

প্রশাসনের পক্ষ থেকে বিদেশ ফেরতদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। কিন্তু অনেক প্রবাসীরাই রয়েছেন প্রশাসনের অগোচরে। বহু চেষ্টার পর শতাধিক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে আনতে সক্ষম হয়েছে প্রশাসন। 

বাকীরা রয়েছেন আত্ম-গোপনে। যারা নির্দেশ মানছেন না ইতোমধ্যেই কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানাও করা হয়েছে। বিদেশ ফেরতরা এ নির্দেশ না মানায় অনেকটাই আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলার সর্বত্র। 

সিভিল সার্জন ডাক্তার একেএম আনওয়ারুর রউফ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে। 

তিনি বলেন, জেলা সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডসহ দুই উপজেলা হাসপাতাল ও ২টি উপস্বাস্থ্যকেন্দ্রে ১৫০ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ