টি-শার্টে স্মার্ট

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২০:৫৮

ফ্যাশন মানুষের জীবনের অনুষঙ্গ। আর পোশাক ফ্যাশনের অলঙ্কার। তাই তো প্রকৃতি যেমন তার রূপ বদলায় তেমনি ফ্যাশনেও পরিবর্তন আসে ঋতু বদলের সমান্তরালে। আর যারা এ পরিবর্তনের ধারায় পছন্দের পোশাকটাকে বেছে চলতে পারেন তারাই ফ্যাশনেবল। এই আবহাওয়াই শাসন করছে ঋতু রাজ বসন্ত। তাই তো কখনো বা হালকা গরম আবার কখনোবা মিষ্টি মৃদু বাতাস। আবার কখনো বা বসন্ত বাতাস যেন কানে-কানে বলে যায়—আসছে কাল বৈশাখী। সেই সঙ্গে হালকা গরমটা মনে করিয়ে দেয় এই ফ্যাশনে তোমার পোশাক কী হবে? বাইরে বের হলেই তো রোদ্দুরের তাপদাহে ঘেমে ওঠে শরীর। আর ঘাম মাখা শরীর স্বাস্থ্যের জন্য তো ভালো নয়ই সেখানে ফ্যাশন থাকবে কোথায়। তাই এই গরমে চাই ফ্যাশনেবল আর আরামদায়ক পোশাক। অনেকেই সারা বছর ওয়েস্টার্ন পোশাকের দিকে আগ্রহ থাকলেও বসন্তের এই আবহাওয়ায় বৈচিত্র দেখা যায় ছেলেদের পোশাকে। ঋতুরাজ বসন্ত আসলেই ফ্যাশনেবল তরুণ-তরুণীদের কাছে কদর বেড়ে যায় বিভিন্ন স্টাইলিশ টি-শার্টের। একটা সময় ছিল যখন ফ্যাশনটা ছিল মেয়েদের। কিন্তু সময়ের সাথে বদলে গেছে অনেক কিছু। তাই বলা চলে, ফ্যাশন এখন শুধুই মেয়েদের না। ছেলেরাও এখন পিছিয়ে নেই ফ্যাশনে। তাই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছেলেদের পোশাকেও আসে নানা পরিবর্তন। কোন আবহাওয়ায় স্টাইলিশ পোশাকে নিজেকে আরও স্মার্টভাবে উপস্থাপন করা যায় এই ভাবনা চলে বছর জুড়েই। ঋতুরাজ বসন্তে ছেলেদের ফ্যাশন মানেই টি-শার্ট। শুধু ফ্যাশনই বা হবে কেন, এই আবহাওয়ায় টি-শার্ট যেমন ফ্যাশনেবল তেমন পরতেও বেশ আরামদায়ক। বিশেষ করে স্মার্ট তরুণদের কাছে টি-শার্টের প্রাধান্য পায় সবার আগে। এ কারণে আমাদের দেশি ফ্যাশন হাউজগুলোও প্রতি বছরই টি-শার্টগুলোতে আনে নানান বৈচিত্র্য।

হাল ফ্যাশনের টি-শার্ট নিয়ে কথা হয় দেশের জনপ্রিয় ফ্যাশন হাউজ ইজি’র কর্ণধার তৌহিদ চৌধুরীর সঙ্গে। তিনি জানান, গতানুগতিক ধারার বাইরে ওয়েস্টার্ন থিমের টি-শার্টের জনপ্রিয়তাই তারুণ্যের মাঝে বেশি। আবার টি-শার্ট একটু ফিটিং না হলে যেন ফ্যাশনটি জমে ওঠে না। তাই তো এবারের টি-শার্টগুলো তৈরি করা হয়েছে স্লিম ফিটেড করে। আর প্রিন্টেড স্টাইলের এসব টি-শার্টগুলোর থিম বেশ মজার। একটু ওয়েস্টার্ন লুক আনতেই টি-শার্টে করা হয়েছে ভিন্ন কাপড়ের ব্যবহার। টি-শার্টের ছাপা ও রংঙে আনা হয়েছে বৈচিত্র্য, যা অনায়াসেই স্মার্টলুক দেবে।  এ ছাড়া ডিজাইনেও রয়েছে ভিন্নতা।

সাধারণত টি-শার্টে বোতাম বা কলার হয় না। গোল গলা কিংবা ভি-নেকে বেশ আকর্ষণীয় দেখায়। সাধারণত টি-শার্ট সুতি কাপড়ে তৈরি হলেও অন্য উপাদানের মিশ্রণও থাকে। তবে টি-শার্ট পরার ক্ষেত্রে কোন রঙে নিজেকে মানাবে সেটা বুঝে নেওয়া জরুরি। কেননা কিছুকাল আগেও টি-শার্টের ফ্যাশনে একরঙার আধিপত্য থাকলেও এখন আর তা নেই। টি-শার্টের হাল ফ্যাশনে প্রিন্টের স্টাইলের কদর তুঙ্গে। পাশাপাশি একরঙা ও চেকের কদরও আছে।

বসন্তের পোশাক নিয়ে অঞ্জনস’র স্বত্বাধিকারী শাহীন আহম্মেদ জানান, হালকা গরমে ছেলেরা সাধারণত টি-শার্টকেই বেছে নেনে ফ্যাশনের জন্য। কেনান টি-শার্ট ফ্যাশনেবল আবার পরেও আরাম। কাপড় হিসেবে বেছে নেওয়া হয়েছে কটন, ভয়েল, লিলেন কটন। পছন্দের পোশাক টি-শার্টে দেখা যাবে বসন্তের ছাপ। কিছু একরঙা টি-শার্ট ছাড়াও নানা রকম প্রিন্ট করা হয়েছে বসন্তের টি-শার্টে। আছে চিত্রকর্ম ব্যবহার করা টি-শার্টও। বুকের কাছে আঁকা, ফুল, পাতা, পঙক্তিমালা আর জ্যামিতিক মোটিফ ব্যবহার করা হয়েছে টি-শার্টে। 

ফাল্গুনের পোশাক নিয়ে ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ’র স্বত্বাধিকারী ও ডিজাইনার সৌমিক দাস বলেন, বসন্তের এই সময়টাতে হালকা উজ্জ্বল রঙের টি-শার্ট বেছে নেওয়াটাই ভালো। টি-শার্টে কালো ছাড়াও অন্যান্য রঙের বৈচিত্র্য রয়েছে। সে ক্ষেত্রে বেছে নিতে পারেন বাসন্তী, নীল, সবুজ, ছাই, ফিরোজা, গোলাপি, সুরমা, জলপাই, কমলা ও লালচে ধরনের রংগুলো। ফেব্রিকের ক্ষেত্রে ফুল কটন, মিক্সড কটনই ট্রেন্ড। ব্লক, বাটিক, স্ক্রিনপ্রিন্টসহ প্রতিটি টি-শার্ট যেন একেকটি রং-তুলির ক্যানভাস। তবে মনে রাখবেন, গরমে স্টেচিং নিট কাপড়ের টি-শার্টই আরামদায়ক। তবে এ ক্ষেত্রে মনে রাখতে হবে আপনার স্মার্টনেস পোশাকটির ক্ষেত্রে সবচেয়ে জরুরি ঠিকঠাক মাপের হওয়া। পাশাপাশি স্মার্ট লুক আনতে জিন্স বা গ্যাবার্ডিন প্যান্ট পরতে পারেন। আর হ্যাঁ,  আরও ফ্যাশনেবল হতে আপনার পছন্দের কালারের টি-শার্টটির সাথে একটি সানগ্লাস ব্যবহার করতে পারেন। গরমের অবস্থা বুঝে কেডস বা স্যান্ডেল পরতে ভুলবেন না।

টি-শার্টের দাম নির্ভর করে ফেব্রিক, ডিজাইন ও ব্র্যান্ডের ওপর। বিভিন্ন ফ্যাশন হাউসে টি-শার্ট পেয়ে যাবেন ৩৫০ থেকে ৮০০ টাকায়, ব্র্যান্ডের টি-শার্ট পাবেন ৮০০ থেকে ৩৬০০ টাকায়।

যেখানে পাবেন

ব্র্যান্ডের দোকান ছাড়াও রাজধানীর নিউমার্কেট, শাহবাগে আজিজ সুপার মার্কেট, ঢাকা কলেজের উল্টোপাশে নূরজাহান মার্কেট, এলিফ্যান্ট রোড ও বঙ্গবাজারে পাওয়া যাবে আপনার পছন্দের টি-শার্ট।

 

                 মডেল      ফয়সাল ও তুষার

               পোশাক     ইজি

               ছবি      আজিম এলাহি