শরীর ঠান্ডা রাখে লাউ

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২১:০২

প্রতি ১০০ গ্রাম লাউয়ে রয়েছে কার্বোহাইড্রেট ২.৫ গ্রাম, পটাশিয়াম ৮৭ মি.গ্রা., ফ্যাট ০.৬ গ্রাম, ভিটামিন সি ৬ গ্রাম, ক্যালসিয়াম ২০ মি.গ্রা., ফসফরাস ১০ মি.গ্রা., প্রোটিন ০.২ গ্রাম, নিকোটিনিক অ্যাসিড ০.২ মি.গ্রা.। এছাড়াও লাউয়ে রয়েছে খনিজ লবণ, আয়রন, ভিটামিন বি-১ ও বি-২।

লাউয়ের মূল উপাদান হলো পানি; তাই লাউ খেলে শরীর ঠান্ডা থাকে। প্রচুর পরিমাণে লাউ খেলে শরীরের পানিশূন্যতা দূর হয় এবং শরীর সতেজ থাকে। লাউয়ে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে এবং খুবই কম ক্যালোরি থাকে, যা ওজন কমাতে অত্যন্ত সহায়ক। লাউয়ে প্রচুর পরিমাণে দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবার রয়েছে, যা খাবার সহজে হজম করতে সাহায্য করে এবং হজম সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা করে। নিয়মিত লাউ খাওয়ার অভ্যাস থাকলে ত্বক ভেতর থেকে ভালো হয়। যাদের ত্বক তৈলাক্ত, লাউ খেলে তাদের ত্বকের তৈলাক্ততার সমস্যা অনেকটাই কমে যায়। লাউ প্রসাবের জ্বালা-পোড়া কমায়। লাউ রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে রাখতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ ও অ্যান্টি-অক্সিডেন্ট গুণের জন্য হূদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। লাউয়ে থাকা জিংক লিভার বা যকৃতকে প্রদাহজনিত রোগ (ইনফ্লামেটরি ডিজিস) থেকে সুরক্ষিত রাখে। সকালে নিয়মিত তাজা লাউয়ের জুস পান করলে অকালে চুল পাকা রোধ হয়। লাউয়ের ফসফরাস এবং ক্যালসিয়াম দাঁত ও হাড় মজবুত করে।