কৃষি ব্যাংকের উপশাখা চাই

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২১:২৫

সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলাধীন প্রতাপনগরে কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন ও এনজিওদের চড়া সুদ থেকে রক্ষা করতে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি উপ-শাখা প্রয়োজন। মুজিববর্ষ উপলক্ষ্যে সরকারের ৩৮টি সেবামূলক কাজের সঙ্গে মানুষকে সম্পৃক্ত করতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন স্থানে উপ-শাখা খোলার পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শের আলোকে প্রসঙ্গক্রমে উল্লেখ করতে চাই, প্রতাপনগর ইউনিয়নের ১৮টি গ্রামে ৩৪ হাজার মানুষের বসবাস। এখানকার ৮০ শতাংশ মানুষ কর্মজীবী। স্থানীয় তালতলা বাজারে মাছের আড়ত গড়ে উঠেছে। গড়ে উঠেছে পোল্ট্রি ও ডেইরি ফার্ম। মত্স্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৮৪৩টি চিংড়ি খামার গড়ে উঠেছে। স্নাতক পর্যায়ের একটি মহাবিদ্যালয়, চারটি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, চারটি মাদরাসা ও ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মানুষের অর্থ-সম্পদের নিরাপত্তার জন্য এখানে কৃষি ব্যাংকের উপ-শাখা স্থাপন অত্যন্ত জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. জহুরুল হক সরদার

গ্রাম ও ডাকঘর :প্রতাপনগর,

আশাশুনি, সাতক্ষীরা