রংপুরে ন্যায্যমূল্যের প্রতিটি পয়েন্টে উপচে পড়া ভিড়

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২১:২৭

করোনার ভাইরাসের অযুহাতে হাট-বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে রংপুর জেলায় ন্যায্যমূল্যে পণ্যসামগ্রীর চাহিদা বেড়েছে। বেড়েছে ন্যায্যমূল্যের প্রতিটি পয়েন্টে মধ্যবৃত্ত, দরিদ্র ও নিম্ন আয়েরসহ সব শ্রেণির মানুষের উপচে পড়া ভিড়। রংপুর মহানগরীসহ বিভিন্ন উপজেলায় বেশ কয়েকটি পয়েন্টে ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে রংপুর ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি)।

ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী অফিস প্রধান মো. সুজা উদ্দৌলা সরকার সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসের অযুহাতে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির ফলে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) রংপুর আঞ্চলিক কার্যালয় থেকে রংপুর মহানগরসহ বিভাগের সবকটি জেলা ও উপজেলার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য খোলা বাজারে ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় করা হচ্ছে। যা পুরো মুজিববর্ষে চলবে বলে আমি আশা করি।

ন্যায্যমূল্যের এক পণ্য ক্রেতা রকেট মিয়া জানান, প্রতি লিটার সয়াবিন তৈল বাজারে কিনতে হচ্ছে ১০৫ টাকায়, চিনি ৬৬ টাকায়। আর খোলাবাজারে ন্যায্যমূল্যের নিত্যপণ্য সামগ্রীর দোকান ও পয়েন্ট থেকে প্রতি লিটার সয়াবিন তৈল পাচ্ছি ৮০ টাকায়, চিনি-৫০ টাকায়, ডাল-৫০ ও পিয়াজ-৩০ টাকায়।