করোনা ভাইরাস থেকে রেহাই পেতে পিরোজপুরে স্থানীয়ভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হচ্ছে। সরকারি সোহরাওয়ার্দী কলেজের রসায়ন বিভাগ হাত পরিচ্ছন্ন রাখার এই উপাদানটি তৈরি করে জেলা পুলিশ কর্তৃপক্ষ ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার কাজ শুরু করেছে। কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলামের নেতৃত্বে গত রবিবার এ জীবাণুমুক্ত করার স্যানিটাইজার তৈরি করা হয়।
জাহিদুল ইসলাম জানান, রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইসমাইল হোসেন, মহিবুল্লাহ ও ইসলাম হোসেন তাকে এ কাজে সহায়তা করে। পিরোজপুরের পুলিশ বিভাগকে এরই মধ্যে ৫৫ লিটার হ্যান্ড সেনিটাইজার সরবরাহ করা হয়েছে। প্রতি লিটার এ জীবাণুনাশক উপাদান তৈরি করতে ৩৬০ টাকার ব্যয় হয়। জাহিদুল ইসলাম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগে তার এমফিল করার সময় তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এ হ্যান্ড স্যানিটাইজার তৈরির ফর্মুলার সন্ধান পান। প্রস্তুতকারীরা এ ক্ষেত্রে সর্তক করে বলেছেন, অ্যালকোহল দাহ্য পদার্থ হওয়ায় তা আগুন থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। এটি শুধু বাহ্যিক ব্যবহারের জন্য হওয়ায় কোনোভাবেই গলাধঃকরণ করা যাবে না।
এ ব্যাপারে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, স্থানীয়ভাবে তৈরি এ হ্যান্ড স্যানিটাইজার আজ মঙ্গলবার থেকে জেলার সহস্রাধিক পুলিশ সদস্যের জন্য বিতরণ করা হবে।
