সিলেটের শহিদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে চিকিত্সাধীন অবস্থায় গত রবিবার ভোরে মারা যান যুক্তরাজ্য প্রবাসী ৬১ বছর বয়সি এক নারী। সবার সন্দেহ ছিল তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তবে তার করোনা হয়েছিল কি-না তা পরীক্ষা না করেই তাকে সিলেটে দাফন করা হয়। এরপর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ঐ নারীর রক্ত পরীক্ষার পর জানতে পারে যে তিনি করোনা আক্রান্ত ছিলেন না। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, তার টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। গত ১৬ মার্চ মধ্যরাতে ঐ নারীকে সিলেট শহিদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির ১৩ দিন আগে যুক্তরাজ্য থেকে দেশে আসেন ঐ নারী। এরপর থেকে তিনি জ্বর ও দুর্বলতায় ভুগছিলেন।
মৃত নারীর দেহে করোনা না পাওয়ার সংবাদে সিলেটবাসী ও সংশ্লিষ্ট চিকিত্সকরা কিছুটা স্বস্তি বোধ করলেও ভবিষ্যত্ পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও সতর্কতার সঙ্গে দিন অতিবাহিত করছেন তারা। বিশেষ করে বিদেশ থেকে সিলেট বিভাগে আসা ২৭ হাজার প্রবাসীদের নিয়ে তাদের উত্কণ্ঠা কাটছে না। তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হলেও তাদের অধিকাংশই তা মানছেন না। এসব অপরিণামদর্শী লোকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
