প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে আওয়ামী লীগ সরকার যথাযথ পদক্ষেপ না নিয়ে অনেক কিছু গোপন করেছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের এমপি-মন্ত্রীরা বলে যাচ্ছেন তারা করোনার চাইতে শক্তিশালী! আসলে তারা মানুষের জন্য কিছুই করেনি। তারা মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে শক্তিশালী। তারা মানুষের দুর্যোগকালে সঠিক সময়ে মোকাবিলা করতে শক্তিশালী নয়। সুতরাং যারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা মানুষের জন্য ভালো পদক্ষেপ নিতে পারে না। গতকাল নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও স্যানিটাইজার বিতরণকালে এসব কথা বলেন রিজভী। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এসব সামগ্রী ফ্রি বিতরণ করা হয়। এসময় ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ঢাকা উত্তর ড্যাবের সভাপতি ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, বেসরকারি ডেন্টাল ও মেডিক্যাল কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
