চট্টগ্রামে আইসিইউ ছাড়াই আইসোলেশনের ব্যবস্থা

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২২:৪৪

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিত্সা সেবা প্রদানের জন্য চট্টগ্রামে ১৫০টি আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০০ ও ফৌজদারহাট বিআইটিআইডিতে ৫০ বেড। জেনারেল হাসপাতালে সাধারণ রোগীদের ছেড়ে দেওয়া হচ্ছে। তবে এই দুই হাসপাতালে আইসিইউ ব্যবস্থা নেই। তাই প্রয়োজনে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসিইউ ইউনিট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিত্সা সেবা প্রদানের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করা হচ্ছে। বর্তমানে হাসপাতালের মেডিসিন ও শিশু ওয়ার্ড খালি করে আইসোলেশনের জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে ১০০ শয্যার ব্যবস্থা করা হয়েছে। বাকি ওয়ার্ডগুলোকে রোগীদের ছাড়পত্র দিয়ে খালি করা হবে। এ ব্যাপারে জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. অসীম কুমার নাথ ইত্তেফাককে বলেন,‘জেনারেল হাসপাতালকে আইসোলেশনের জন্য সিদ্ধান্ত হয়েছে। হাসপাতালের কর্মরত চিকিত্সক ও নার্সদের প্রস্তুত করা হচ্ছে। চিকিত্সা কাজে সংশ্লিষ্টদের জন্য ১০০টি ড্রেস পাওয়া গেছে।’

এদিকে ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডি ল্যাবে করোনা ভাইরাসের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি এই হাসপাতালে ১০০টি আইসোলেশন বেডের ব্যবস্থা করা হচ্ছে। এরই মধ্যে ৩০টি আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে। এ ব্যাপারে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ইত্তেফাককে বলেন, ‘বিআইটিআইডির ল্যাবে পরীক্ষা ও আইসোলেশন বেডের ব্যবস্থা করা হচ্ছে। এখানকার চিকিত্সক ও নার্সদের প্রশিক্ষণের জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। তবে বিআইটিআইডি কর্তৃপক্ষ যখনই পরীক্ষার জন্য তাদের ল্যাব প্রস্তুত বলে জানাবে তখনই আমরা প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করব।’

চট্টগ্রামে সরকারি হাসপাতালের মধ্যে শুধু  চমেক হাসপাতালে আইসিইউ রয়েছে। জেনারেল হাসপাতাল ও বিআইটিআইডিতে আইসোলেশনের ব্যবস্থা করা হলেও সেখানে আইসিইউর ব্যবস্থা নেই। ফলে করোনার জটিল রোগীদের চিকিত্সা সেবা পরিচালনা সমস্যায় পড়তে হতে পারে। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির ইত্তেফাককে বলেন,‘এখানে করোনা ভাইরাসের রোগীদের ভর্তি করা হলে অন্য রোগীরা ঝুঁকির মধ্যে পড়বে। ফলে চমেক হাসপাতালে করোনা ভাইরাসের কোনো রোগীকে ভর্তি বা আইসিইউ ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’