বিদেশ যেতে অনুমতি লাগবে ব্যাংকের এমডিদের

আপডেট : ২৪ মার্চ ২০২০, ০০:২৩

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বিদেশ ভ্রমণের ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ব্যাংকের এমডি দেশের বাইরে যেতে চাইলে তাকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের বাইরে অবস্থান যতদূর সম্ভব পরিহার করার পরামর্শ দেওয়া যাচ্ছে। নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার যথাসম্ভব সার্বক্ষণিক কর্মস্থলে অবস্থান গুরুত্বপূর্ণ। কিন্তু সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে যে, কতিপয় ব্যাংক-কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা দাপ্তরিক কাজে কিংবা ব্যক্তিগত ছুটিতে দীর্ঘদিনের জন্য বাংলাদেশের বাইরে অবস্থান করছেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরো বলা হয়েছে, প্রধান নির্বাহী কর্মকর্তার বাংলাদেশের বাইরে ভ্রমণ আবশ্যকীয় হলে দেশের বাইরে যাওয়ার ১৫ দিন আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। আর ভ্রমণকালীন সময়ে যোগাযোগ নম্বরসহ অন্যান্য তথ্যও বাংলাদেশ ব্যাংকে জমা দিতে বলা হয়েছে।