>> মিঠু মোস্তাফিজ
মুমূর্ষ রোগীদের জীবন রক্ষার্থে ক্যাডেট, প্রশিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে রক্তদান কর্মসূচি, জাতির পিতা স্মারক ফুটবল টুর্নামেন্ট, দেয়াল পত্রিকা উন্মোচন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটা সহ নানা আয়োজন ও উত্সাহ উদ্দীপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জন্মশতবার্ষিকী উদযাপন করে মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম।
মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম-এর অধ্যক্ষ ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ ১৭ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন। দিবসটি উপলক্ষে অধ্যক্ষ সকল স্তরের প্রশিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ক্যাডেটদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং জাতির পিতার শততম জন্মবার্ষিকীর কেক কাটেন। এ উপলক্ষে বঙ্গবন্ধুর কালজয়ী বিভিন্ন অমর বাণী ও ছবি সম্বলিত রকমারি ফেস্টুন, দেয়ালিকা ও ব্যানার দিয়ে ক্যাম্পাস সুসজ্জিত করা হয়।
অনুষ্ঠানে জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তি জীবনের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাতের পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। রক্তদানকর্মসূচিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর পরিচালনায় ৪০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।
