স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুর নির্মাণ করেছে বিশেষ পর্ব। ‘আমার দেশ, আমার গর্ব’ শিরোনামের বিশেষ এই পর্বটির মূল উপজীব্য দেশপ্রেম, এ দেশের ঐতিহ্য, শিল্প আর সাহিত্য। আর অবশ্যই তা শিশুদের উপযোগী করে তৈরি করা হয়েছে। পর্বটি প্রচারিত হবে আগামীকাল ৫টা ৩০ মিনিটে একইসঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও দুরন্ত টিভিতে। স্বাধীনতা দিবসের বিশেষ এই পর্বটি সাজানো হয়েছে টুকটুকির বন্ধু আশীষের সঙ্গে টুকটুকির স্মৃতিসৌধ ভ্রমণ নিয়ে। যেখানে টুকটুকি জানতে পারে স্মৃতিসৌধ সম্পর্কে অজানা অনেক গল্প। এছাড়াও থাকছে বাংলাদেশের বরেণ্য কবি এবং চিত্রশিল্পীদের নিয়ে মজার মজার সেগমেন্ট। ইউএসএআইডি’র আর্থিক সহযোগিতায় নির্মিত সিসিমপুর বাংলাদেশি শিশুদের জন্য একটি প্রাক-শৈশব শিক্ষা কর্মসূচি, যা শিশুদের করে তুলছে আরও সম্পন্ন, আরও সবল, আরও সদয়। সিসিমপুরের ১২তম সিজন দুরন্ত টিভিতে প্রচারিত হচ্ছে প্রতিদিন দুপুর ১২টা ৩০ ও বিকেল ৫টা ৩০ মিনিটে।
