মাদক নিরাময় কেন্দ্রে রোগীর জিহ্বা কর্তনের অভিযোগ

আপডেট : ২৪ মার্চ ২০২০, ২১:২৫

সাভারের আশুলিয়ায় চিকিৎসার নামে একটি মাদক নিরাময় কেন্দ্রে মাদকাসক্ত রোগীর জিহ্বা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই রোগীর নাম মো. সুজন হোসেন। সোমবার বিকালে আশুলিয়ার শ্রীপুরে নিউ স্বপ্ন মাদক আসক্ত নিরাময় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

সুজন গাজীপুর জেলার কাশিমপুর থানার পুবাইল গ্রামের আফসার প্রধানের ছেলে। 

ভুক্তভোগী সুজনের বোন সেতু আক্তার জানান, গত ২ মার্চ  তার ভাই সুজনকে সুস্থ করে তোলার জন্য আশুলিয়ার শ্রীপুরে নিউ স্বপ্ন মাদক আসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। সোমবার বিকালে নিরাময় কেন্দ্রের মালিক রাজীব ও জুবায়ের তাকে ফোন করে জানায়, সুজন আত্মহত্যা করার চেষ্টা করছে। পরে গিয়ে দেখা যায় শ্রীপুরের নিউ স্বপ্ন মাদক আসক্ত নিরাময় কেন্দ্রে সুজনের জিহ্বা কেটে ফেলে হয়েছে। এছাড়া তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। 

আরো পড়ুন: আজ থেকে ভারতে ২১ দিনের লকডাউন 

আশুলিয়া থানার এসআই মাসুদ মুন্সী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ভুক্তভোগী রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এএএম