দুর্দশাগ্রস্ত সেতু

আপডেট : ২৪ মার্চ ২০২০, ২১:৫৪

কুমিল্ল­া জেলার তিতাস উপজেলাধীন মজিদপুর ইউনিয়নের মোহনপুর কাকিয়াখালি সেতুর অবস্থা করুণ। মেঘনা নদীর শাখা বয়ে গেছে মোহনপুর কাকিয়াখালি গ্রামের ওপর দিয়ে। দীর্ঘদিন নৌকা দিয়ে চলাচল করার কষ্ট দেখে সেখানে সেতুটি নির্মাণ করা হয়। এতে খুশির সীমা ছিল না এলাকাবাসীর। কিন্তু সেই খুশি ম্লান হয়ে গেছে সেতুর গোড়া ভাঙার কারণে। দড়িগাঁও, দুধঘাটা, নন্দিরচর, বাটেরা, বাহেরচর, হাসনাবাদ, বালুরচর ও উজিরাকান্দির গ্রামের মানুষকে মজিদপুর, বালুয়াকান্দি, কড়িকান্দি, তিতাস, গৌরীপুর এবং কুমিল্লায় যেতে সেতুটি পাড়ি দিতে হয়। বাধা হয়ে দাঁড়িয়েছে এখন এই সেতু। সেতুর পশ্চিম পাশে গোড়ার মাটি নদীতে বিলীন হয়ে গেছে। যানবাহন চলাচল তো দূরের কথা, হেঁটে পার হতেও কষ্ট হয়। দুর্দশার সীমা নেই এলাকাবাসীর। দীর্ঘদিন ধরে পড়ে থাকা এই সেতুর গোড়া মেরামত করলে এলাকাবাসীর কষ্ট লাঘব হবে। আশা করি সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নজরে এনে সুরাহা করবেন।

এম এ আর লিমন

গৌরীপুর, কুমিল্ল­া