মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জে মেঘনা নদীর চরে গ্রিন ওয়াটার-১০ নামের ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী একটি লঞ্চ জরুরি নোঙর করেছে। ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী বহনের অভিযোগে মেঘনা নদীতে ঢেউয়ের তোড়ে পানি উঠে পড়ায় তড়িঘড়ি করে লঞ্চটি নদীর চরে নোঙর করতে সমর্থ হয় চালক। এতে প্রাণে রক্ষা পান প্রায় সাড়ে ৮০০ যাত্রী।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে এ ঘটনা ঘটে। তবে যাত্রীদের কেউ হতাহত হয়নি। লঞ্চটি নদীর চরে নোঙর করা হয়েছে। এখন অন্য একটি লঞ্চ ঢাকা থেকে রওনা হয়েছে। সেটি আসলে যাত্রীদের সেই লঞ্চে করে গন্তব্যে পাঠানো হবে।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, লঞ্চের ধারণক্ষমতা প্রায় ৪০০ যাত্রীর। কিন্তু, প্রায় সাড়ে ৮০০ যাত্রী বোঝাই করে মেঘনা নদীতে আসার পরে লঞ্চটির ডেকে পানি উঠে যায়। চালক তড়িঘড়ি করে লঞ্চটি চরে ভেড়াতে সমর্থ হয়। কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। এখন বিকল্প হিসেবে অন্য লঞ্চের ব্যবস্থা করা হচ্ছে।
