সিঙ্গাইরে নিখোঁজের দুই ঘণ্টা পর হাত-পা বাঁধা অচেতন অবস্থায় খোন্দকার মুরছালিন নামে আট বছরের এক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। সে সিঙ্গাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার খোন্দকার বিপুল হোসেনের ছেলে ও স্থানীয় দারুল ইহসান মাদরাসায় প্রথম শ্রেণির ছাত্র। গত রবিবার (২২ মার্চ) রাত ৯টার দিকে বাড়ির অদূরে একটি ভুট্টাখেত থেকে তাকে উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু মুরছালিন গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এরপর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয়। রাত ৯টার দিকে বাড়ির অদূরে একটি ভুট্টাখেতে গোঁঙানির আওয়াজ শুনতে পান স্থানীয় তানিম ও হিমন নামে দুই যুবক। সেখানে গিয়ে তারা রশি দিয়ে হাত-পা ও গামছা দিয়ে মুখ বাঁধা অচেতন অবস্থায় মুরছালিনকে দেখতে পান।
খবর পেয়ে পরিবারের লোকজন মুরছালিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক রাতেই উন্নত চিকিত্সার জন্য তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
মুরছালিনের চাচা খোন্দকার রানা বলেন, মুরছালিনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। জুসের সঙ্গে নেশা জাতীয় কিছু খাইয়ে তাকে অচেতন করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মুরছালিনকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের জন্য এই ঘটনা ঘটিয়েছে।
সিঙ্গাইর থানার ওসি আবদুস সাত্তার বলেন, ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে এ বিষয়ে প্রয়োজীয় ব্যবস্থা নেব।
