করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রাক-প্রাথমিক থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে। তাই ছুটি বাড়ানোর বিষয়ে দুই মন্ত্রণালয় বৈঠকের পর এ নির্দেশনা দেয়া হয়। অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যালয় বন্ধকালীন নিজেদের এবং অন্যদের করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান কররে। শিক্ষার্থীদের বাসস্থানের অবস্থানের বিষয়টি অভিভাবকবৃন্দ নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবে। এছাড়া বন্ধকালীন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তাদের নিজ নিজ শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে সে বিষয়টি অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা এবং পড়াশোনার বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
