সাজেকে হামে আরো এক শিশুর মৃত্যু

আপডেট : ২৪ মার্চ ২০২০, ২৩:১৬

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেকের লুংথিয়ানপাড়ায় হাম রোগে আক্রান্ত হয়ে সোমবার খেতি রানী ত্রিপুরা (১৩) নামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ দিনে মোট সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা আট। এছাড়া শতাধিক শিশু হাম রোগে আক্রান্ত। মহেন ত্রিপুরা নামে আরো এক শিশু মুমূর্ষু অবস্থায় চিকিত্সাধীন।

রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. বিপাশা খীসা জানান, সাজেকের তিনটি গ্রামে ছয়টি মেডিক্যাল টিম কাজ করছে। গতকাল মঙ্গলবার বিজিবির হেলিকপ্টারে ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বক্স চৌধুরীর নেতৃত্বে বিশ্ব স্ব্যাস্থ্য সংস্থার ডা. আরিফুল ইসলামসহ ঢাকা থেকে চার সদস্যের একটি চিকিত্সক দল সাজেক আসেন। এ নিয়ে ১৮ জন ডাক্তার ও নার্স সেবা দিচ্ছেন।

সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা জানান, ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী তিনটি গ্রামে গত কয়েক দিনে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এই রোগে ইতিমধ্যে সাত শিশুর মৃত্যু হয়। এছাড়া ৭ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডের লংথিয়ানপাড়া, অরুণপাড়া, কমলাপুর, কাইশ্যোপাড়া এলাকায় এখনো শতাধিক শিশু হামে আক্রান্ত।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইসতেখার আহম্মদ বলেন, ‘আমাদের আট সদস্যের একটি মেডিক্যাল টিম সেখানে চিকিত্সা দিচ্ছে। সরঞ্জাম নিয়ে দুর্গম এই এলাকায় যেতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের দারুণভাবে বেগ পেতে হচ্ছে।’