ফারুক মাহমুদ
দখলের সব সিঁড়ি শিখে নেয় বাঁকা বাক্য, না-দেখার ভান
আগুনে আগুন ঢালে, জলে ঢালে বিচ্যুতির বিষেভরা জল
পথিমধ্যে ছড়িয়ে রাখে, মনেও পড়ে না কিছু... ফোয়ারার গান
কারা কবে গেয়েছিল। নদীর আতিথ্যস্মৃতি—সুখী সমতল
যে ক্লান্তি ফুরিয়ে যায়, তার পাশে পড়ে থাকে জীবনের ক্ষয়
আক্ষেপে আনন্দ নেই! বাতাস কি তুলে নেবে রোদনের ভার
যেখানে উঠান ছিল—গারদের গ্লানিগন্ধ ছড়াতে কি হয়
বিপুল আক্রোশ নিয়ে? প্রাণের প্রতীক্ষাগুলো ফিরেছে আবার
যেখানে ফেরার কথা। সময়-সময় বোঝে। কেউ যদি ভাবে—
চলাটাই গতিসূত্র, স্তব্ধতার অন্ধকারে পাথরের কাঁড়ি
কেবল দাঁড়িয়ে ওঠে, যেদিকে দু চোখ যায় সেই দিকে যাবে
সকল দুয়ার খোলা, দেখে নিয়ো—‘আমরা কিন্তু পারি’
দেখি। দেখি আর শিখি—মুখোশের উন্মদনা শেষ হয়ে আসে
মানচিত্র দেশ হয়, মানুষ দাঁড়িয়ে থাকে মানুষের পাশে
