সাকিবের স্যালুট

আপডেট : ২৫ মার্চ ২০২০, ২০:৫১

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ফিরে সাকিব আল হাসান ১৪ দিনের স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছেন। নিজেকে স্ত্রী কন্যার থেকে দূরে সরিয়ে রেখেছেন। দেশে ও দেশের বাইরে সাকিবের মতো অনেকেই গৃহবন্দী জীবনযাপন করছেন।

তবে, করোনা মোকাবিলায় চিকিত্সকরা অনবরত ঘরের বাইরে ছুটে চলেছেন। পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার স্বার্থে এবং সচেতনতা নিশ্চিত করতে আছেন ঘরের বাইরে। তাদেরকে ‘স্যালুট’ জানিয়েছেন সাকিব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘দেশবাসীকে সুরক্ষিত রাখতে যারা মারাত্মক এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছেন প্রতিনিয়ত তাদেরকে জানাই আমার সালাম। ধন্যবাদ জানাই প্রতিটি ডাক্তার, নার্স, চিকিত্সা ও স্বাস্থ্যসেবা কর্মী, স্বেচ্ছাসেবক, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্য এবং সরকারী কর্মকর্তাদের যারা নিঃস্বার্থ ও অক্লান্তভাবে লড়াই করে চলেছেন।’

নিজেকে ঝুঁকির মধ্যে রেখে যারা দিন রাত পরিশ্রম করে চলেছেন তাদের সাহায্য করার আহ্বানও জানিয়েছেন সাকিব, ‘আমরা তাদেরকে যেভাবে সাহায্য করতে পারি তা হলো—বাসায় অবস্থান করা, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা এবং প্রয়োজনীয় পরামর্শ মেনে চলে এই কঠিন সময়ে তাদের সহায়তা করা। তবেই আমরা একসাথে এই পরিস্থিতির মোকাবিলা করতে পারব। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন।’