সবাইকে এগিয়ে আসতে লিটন দাসের আহ্বান

আপডেট : ২৫ মার্চ ২০২০, ২০:৫২

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের প্রভাবে গোটা দেশেই নাভিশ্বাস পরিস্থিতি বিরাজ করছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কোভিড ১৯ নামের এই ভাইরাসের কারণে সমস্যায় পড়তে যাচ্ছে প্রান্তিক মানুষরা।

জাতীয় দলের ওপেনার লিটন দাস তাই, সবাইকে দেশের খেটে খাওয়া মানুষের পাশে থাকতে আহ্বান জানালেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে লিটন লিখেছেন, ‘আমাদের বাসায় মোটামুটি সবার-ই কাজের লোকের আসা বন্ধ হয়ে গেছে। যেটা তাদের রোজগারের মাধ্যম ছিল। আমাদের উচিত তাদের ফুল মাসের বেতনসহ আরো কিছু দেওয়া যেটা তাদের এই দুঃসময়ে কাজে আসবে।’ তিনি আরো লেখেন,‘সঙ্গে চাল, ডাল, আলুও সামর্থ্য অনুযায়ী দেওয়া। তারপর সবার বাসাতেই ২-৩ জন দারোয়ান রয়েছে। যাদের সামান্য আয়ের পুরোটাই হয়তো চলে যায় গ্রামের বাড়িতে। আপনার স্টক করা খাবার থেকে তাদেরও কিছু দিন। এতে অবশ্যই আপনাদের কমবে না। মোটামুটি সবার বাসার নিচে দিয়ে যে ১০-১৫ জন রিকশাচালক থাকে তাদের আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন। আপনার সামান্য সাহায্য অন্যের মুখের খাবার জোগান দেবে।’ প্রত্যেককে নিজেদের জায়গা থেকে এগিয়ে আসার তাগিদ দিয়ে লিটন আরো লিখেছেন, ‘আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব করে যাচ্ছি এবং আরো কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনি আপনার জায়গা থেকে এগিয়ে আসুন।’