রংপুরে জলকামানে ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে

আপডেট : ২৫ মার্চ ২০২০, ২১:৪৪

করোনা ভাইরাস

স্টাফ রিপোর্টার রংপুর

রংপুর মহানগরীতে করোনা ভাইরাসমুক্ত রাখতে রাস্তাঘাটসহ জনসমাগম এলাকাগুলোতে জলকামানে ও স্প্রে মেশিনের সাহায্যে জীবাণুনাশক ছিটানো শুরু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। বুধবার সকালে নগরীর কাচারি বাজার এলাকা থেকে এই কার্যক্রম শুরু করা হয়। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ব্লিচিং পাউডার ও স্যাভলন মিশানো এই জীবাণুনাশক ছিটাতে ব্যবহার করা হচ্ছে পুলিশের জলকামান গাড়ি। রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) আলতাব হোসেন জানান, জলকামান গাড়ি ব্যবহারে অনেক দূর থেকে স্প্রে করা সম্ভব। নগরীর রাস্তাঘাট, মার্কেট প্লেস, জনসমাগম এলাকাগুলোতে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। করোনা ভাইরাসমুক্ত রাখতে পর্যায়ক্রমে রংপুর মেট্রোপলিটন এলাকায় জলকামান দিয়ে এই কার্যক্রম পরিচালিত হবে। চাহিদা অনুযায়ী জীবাণুনাশক স্প্রে না থাকায় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ডিটারজেন্ট পাউডারও ছিটানোর চিন্তা রয়েছে। তবে বর্তমানে স্যাভলনের সঙ্গে ব্লিচিং পাউডার মিশিয়ে তৈরি করা স্প্রে ব্যবহার করা হচ্ছে।