কথিত করোনা
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর গুজব অনলাইনে ছড়িয়ে পড়ায় বৃদ্ধা খুকির লাশ ১৪ ঘণ্টা পর দাফনের অনুমতি দিয়েছে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। পুলিশের উপস্থিতিতে মঙ্গলবার রাত ১১টায় বকশীগঞ্জ উপজেলার উত্তর কুশল নগর গ্রামে পারিবারিক কবরস্থানে সরকারি নিয়মমাফিক খুকির লাশ কবর দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, বকশীগঞ্জ উপজেলার কুশল নগর গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী খুকি বেগম (৮০), চলতি মাসের ২১ তারিখে ঢাকা থেকে বকশীগঞ্জের কুশল নগর গ্রামে নিজ বাড়িতে আসেন। ২৪ মার্চ সকাল সাড়ে ৭টার সময় খুকি বেগম মারা যান। জামালপুর জেলা সিভিল সার্জন শ্রী গৌতম রায়, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ স ম জামশেদ খোন্দকার, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. প্রতাপ নন্দীসহ প্রশাসনিক একটি টিম ঘটনাস্থলে যান। প্রশাসনের বাধার মুখে খুকির লাশ দাফনে বিরত থাকে তার পরিবার। পরে জামালপুরের সিভিল সার্জন শ্রী গৌতম রায় ও উপজেলা নির্বাহী অফিসার আ স ম জামশেদ খোন্দকারের উপস্থিতিতে গঠিত মেডিক্যাল টিম মৃত খুকির মরদেহ থেকে করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য ‘নেজাল সোয়াব’ সংগ্রহ করে ল্যাব টেস্টের জন্য ঢাকায় পাঠায়।
খুকির বড়ো ছেলে মান্নান জানান, জানাজার সময় পরিবারের পাঁচ/ছয় জন লোক উপস্থিত ছিলেন। আমার মায়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে। কিন্তু ফেসবুকে গুজব ছড়িয়ে দেওয়ায় স্বাভাবিক নিয়মে দাফন-কাফনে বিঘ্ন ঘটে। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী মঙ্গলবার রাতে সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্ট না পেলে কিছু বলা সম্ভব হচ্ছে না। রিপোর্ট পাওয়ার পরেই ঘটনা পরিষ্কার হবে। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ স ম জামশেদ খোন্দকার সাংবাদিকদের জানান, মৃত বৃদ্ধা খুকি বেগমের নাক থেকে নেজাল সোয়েব সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
