একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী মিছিল এবং প্রচারণায় ধানমন্ডির রাস্তায় বেশ কিছু সুসজ্জিত নৌকা দেখা যায়। এসব নৌকার কোনোটি ভ্যানের উপর আবার কোনোটি ঠেলা গাড়ির উপর স্থাপন করা হয়েছে। ঢাকার রাস্তায় এমন সুজ্জিতভাবে এই নৌকা চলার দৃশ্য দেখে মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
নির্বাচনী মিছিলে অংশ নেওয়া কাঁঠালবাগান দক্ষিণ আওয়ামী লীগ ইউনিটের সাধারণ সম্পাদক হাজী রফিকুল ইসলাম বাবু বলেন, ঢাকা-১০ আসনে নির্বাচনী মিছিলটি ছিল বর্ণিল সাজে সজ্জিত। আওয়ামী লীগের নেতাকর্মীই নয়, এলাকার সাধারণ ভোটাররা এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।
আরো পড়ুন: মাহীকে নয়, শেখ হাসিনাকে ভোট দিন: বি. চৌধুরী
বৃহস্পতিবার দুপুর ২টার পর শেখ ফজলে নূর তাপসের একটি বিশাল নির্বাচনী মিছিল শুরু হয়। বিভিন্ন বয়সী নারী পুরুষ অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারী সকলের পরনে ছিল নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান সংবলিত বিভিন্ন রঙের টি-শার্ট। নৌকা মার্কার এই মিছিল চলাকালে আশেপাশে মানুষও হাততালি দিয়ে উৎসাহ প্রদান করে।

প্রায় সকলের হাতেই ছিল নানা রঙের ব্যানার ফেস্টুন। এ সময় অনেকেই নেচে গেয়ে মিছিল করতে দেখা যায়। মিছিলের সম্মুখভাগে ছিল দেশের বিশাল একটি জাতীয় পতাকা। এছাড়াও মিছিলে অনেকের হাতেও ছোট ছোট জাতীয় পতাকা দেখা যায়।
মিছিলে নৌকা মার্কায় ভোট চেয়ে বাজানো হয় আওয়ামী লীগের বিভিন্ন নির্বাচনী গান। যার মধ্যে ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’সহ আরো অনেক গান শোনা যায়। এ সময় আশেপাশের অনেক মানুষকে সড়কে চলা এইসব নৌকার সঙ্গে সেলফি তুলতেও দেখা যায়।
ইত্তেফাক/বিএএফ
