স্থানীয়ভাবে তৈরী শ্যালোইঞ্জিন চালিত অবৈধ যানবাহন আলমসাধুর নিচে চাপা পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিহাব আলী (২২) নিহত হয়েছেন। বুধবার রাতে মিরপুর উপজেলার সাইফুন ব্রিজ সংলগ্ন চুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে শিহাব নিজেই কাঠ বোঝাই আলমসাধু গাড়ি চালিয়ে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে যানবাহনটি উল্টে রাস্তার পাশে পড়ে গেলে শিহাব ওই গাড়ির নীচে চাপা পড়েন। শিহাবকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দরিদ্র পরিবারের সদস্য শিহাব লেখাপড়ার পাশাপাশি কাঠের ক্ষুদ্র ব্যবসা করতেন। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। নিহত শিহাব আলী মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। এদিকে মেধাবী ছাত্র শিহাবের মৃত্যুর খবরে এলাকাবাসী ও তার সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, নিহতের পরিবারের পক্ষে আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।
ইত্তেফাক/এএম
