গানে গানে মঙ্গল প্রার্থনা শিল্পীদের

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:০০

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে মানুষ। অন্য সব লড়াই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে করতে হলেও এ লড়াই একটু ভিন্নরকম। ছোঁয়াচে এ রোগের বিস্তার ঠেকাতে হলে সামাজিক দূরত্বের বিকল্প নেই। তাই এ লড়াইয়ের একটাই শ্লোগান—‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন।’ তবে মানুষের দুর্যোগে শিল্পী মন কী আর চুপচাপ ঘরে বসে থাকতে পারে? যার যার ঘরে বসেই দেশের জনপ্রিয় কয়েকজন শিল্পী বাদ্যের তালে গলা মেলালেন একসঙ্গে। গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের পিয়ানোর সুরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা সংগীত ‘আনন্দলোকে মঙ্গলালোকে সত্য সুন্দর’ গানটি গাইলেন সংগীতশিল্পী আঁখি আলমগীর, ঐশি, শান মালিক, শামীম হাসান, প্রিয়, সৈকত আহমেদ দীপ্ত, বিবেকসহ অনেকেই। এমন অভিনব উদ্যোগে আপ্লুত শিল্পীরা সবাই। সংগীতশিল্পী ঐশি বলেন, ‘এত সুন্দর করে তাপস ভাই পিয়ানোতে সুরটা তুললেন। যখন সেটা ভার্চুয়ালি আমাদের সবাইকে একসঙ্গে পাঠালেন সবার প্রথম তাতে কণ্ঠ মেলালেন আঁখি আপা (আঁখি আলমগীর)। তারপর একে একে আমরা সবাই। সব মিলিয়ে যখন গানটা দাঁড়ালো তখন এত ভালো লাগলো। খুব খারাপ সময় যাচ্ছে, এ সময় যেন সবাই ভালো থাকে, সুস্থ্য থাকে, সবার মন ভালো থাকে গানে গানে এটাই আমাদের প্রার্থনা।’ সম্মিলিত কণ্ঠে গানটি একটি ভিডিও উন্মুক্ত হয়েছে গানবাংলা টেলিভিশনের ফেসবুক পেজে। ভিডিওর শেষে লেখা আছে—সত্যিকার ভালোবাসার যে অসীম শক্তি তা প্রকাশ করে সংগীত। যেকোনো পরিস্থিতেই তা যেমন টিকে থাকে, যেকোনো দূরত্বেই সে পৌঁছে যেতে পারে অনায়াসে। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।’