করোনা ভাইরাসের প্রভাবে ইউরোপীয় ফুটবলে স্থবিরতা বড়ো ক্ষতিই বয়ে আনছে ক্লাবগুলোর জন্য। টেলিভিশন রাজস্ব, টিকিট বিক্রি ও পৃষ্ঠপোষকদের অর্থে নির্ভরশীল ক্লাবগুলোর লোকসান এড়ানোর লক্ষ্যে বাড়তি সময় নিয়ে হলেও লিগ শেষ করতে মরিয়া কর্তৃপক্ষগুলো।
তবে সেক্ষেত্রে প্রভাব পড়তে পারে দলবদল মৌসুমে। ইউরোপীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন, স্মরণকালের সবচেয়ে বড়ো দলবদল মৌসুমও আসন্ন মৌসুমটি। দ্য টেলিগ্রাফ জানাচ্ছে, ফিফা ইতোমধ্যেই এমন ভাবনা আমলে এনেছে।
সেক্ষেত্রে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত খেলোয়াড় দলে নিতে পারবে ক্লাবগুলো। যার ফলে মৌসুম শেষ করা ও টিভিস্বত্ত্ব আদায়ের পর পর্যন্ত সময় বাড়বে তাদের হাতে। করোনা ভাইরাস সৃষ্ট স্থগিতাদেশ ইতোমধ্যেই ক্লাবগুলোকে ক্ষতির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। যার ফলে নতুন মৌসুমের জন্য দল গড়াও কঠিন হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। তবে মৌসুমের ব্যাপ্তি বাড়লে দলবদলের কাজটা কিছুটা সহজ হয়ে আসবে ক্লাবগুলোর জন্য, অভিমত টেলিগ্রাফের। দলবদল আপাতত ফিফার প্রাধান্যের বাইরে থাকায় ধারণাটা অবশ্য এখনো বেশ প্রাথমিকপর্যায়ে আছে বলে জানাচ্ছে ইংলিশ সংবাদ মাধ্যমটি। তবে দলবদলের প্রশ্নে ফিফার প্রধান নির্বাহীদের মত, দলবদল মৌসুম দীর্ঘ করার পক্ষেই।্ত
