জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রীর রপ্তানি খাতের জন্য দেওয়া প্রণোদনা সুবিধায় অন্তর্ভুক্ত হতে চায় গার্মেন্টস এক্সেসরিজ খাতও। গতকাল বৃহস্পতিবার এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে। প্রধানমন্ত্রী রপ্তানি খাতের শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য ৫ হাজার কোটি টাকা প্রণোদনার ঘোষণা দেওয়ায় সন্তোষ জানিয়ে নিজেদের সংগঠনের সদস্যভুক্ত কারখানার শ্রমিকের মজুরি পরিশোধের জন্যও এ সহযোগিতার সুবিধা পাওয়ার দাবি জানান। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বিজিএপিএমইএ ১ হাজার ৭০০ এর অধিক গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের শতভাগ রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানসমূহের একটি বাণিজ্যিক সংগঠন। এসব কারখানা বাংলাদেশের পোশাক শিল্পের ৯৫ ভাগ এক্সেসরিজ পণ্য স্থানীয়ভাবে সরবরাহ করে। তাছাড়াও ওষুধ, ক্রোকারিজ, হিমায়িত খাদ্য, সিরামিক, চামড়া ইত্যাদি রপ্তানি খাতের সব ধরনের মোড়কজাত পণ্যের চাহিদা পূরণ করে।
