বাগেরহাটের মোরেলগঞ্জে ১৬ ইউনিয়নসহ পৌরসভায় বিদেশফেরত বাড়িগুলোতে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, থানার ওসি কে এম আজিজুল ইসলাম বাড়ি বাড়ি গিয়ে এসব লাল নিশান টানিয়ে দিয়েছেন। ঐসব বাড়ির মানুষদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মেয়র ও চেয়ারম্যানদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, করোনা ভাইরাস সচেতনতায় মাঠ পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ফিল্ড ওয়ার্কাররা কাজ করছেন। এ পর্যন্ত ৬১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে। এদের মধ্যে ভারত থেকে আসা ৫০ জন, বাকি ১০ জন সিঙ্গাপুর, রোমান, গ্রিস, জার্মানসহ বিভিন্ন দেশ থেকে আসছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা একজন সুস্থ হয়েছে। অপরদিকে, তেলিগাতি ১৪, পঞ্চকরণ ১০, পুটিখালী ১২, দৈবজ্ঞহাটী ১৪, রামচন্দ্রপুর ২০, চিংড়াখালী ১৯, হোগলাপাশা ১৪, বনগ্রাম ২৭, হোগলাবুনিয়া ২৪, বহরবুনিয়া ৮, জিউধরা ১৩, নিশানবাড়িয়া ১৫, বারইখালী ১১, মোড়েলগঞ্জ সদর ২৬, খাউলিয়া ৩১, পৌরসভা ৮ বাড়িতে লাল নিশান টানানো হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ উপজেলার মোরেলগঞ্জের বনগ্রাম, হোগলাপাশা, দৈবজ্ঞহাটীসহ বিভিন্ন ইউনিয়নের বিদেশফেরত বাড়িগুলো পরিদর্শন করেন।
বানারীপাড়ায় ২৬৫ জন প্রবাসীর মধ্যে ৭৭ জনের বাড়িতে লাল নিশান
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, বানারীপাড়ায় ২৬৫ জন প্রবাসীর মধ্যে ৭৭ জনের বাড়িতে লাল নিশান টানানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এসএম কবির হাসান জানান, স্বাস্থ্যকর্মীরা মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে বুধবার পর্যন্ত ৭৭ জন প্রবাসীর বাড়িতে লাল নিশান টানিয়েছে। তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরো জানান, ইতিমধ্যে ৭৭ জন প্রবাসীর মধ্যে ৩১ জনের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকা শেষ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এদিকে ওসি শিশির কুমার পাল জানান, বানারীপাড়ায় ২৬৫ জন প্রবাসী বিভিন্ন দেশ থেকে ফিরেছে। এদের মধ্যে অনেকেই এলাকায় ফেরেনি। কেউ কেউ পাসপোর্টের ঠিকানা বানারীপাড়া কিন্তু থাকেন অন্য স্থানে। আমাদের প্রবাসীদের ব্যাপারে খোঁজখবর নেওয়া অব্যাহত রয়েছে।
মির্জাপুরে ১২৭ জনের বাড়িতে উড়ছে লাল নিশান
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, মির্জাপুরে বিদেশফেরত হোম কোয়ারেন্টাইনে থাকা ১২৭ জনের বাড়িতে উড়ছে লাল নিশান।
লোহাগাড়ায় প্রবাসীর বাড়িতে উড়ছে লাল নিশান
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের লোহাগাড়ায় প্রবাসীর বাড়িতে লাল নিশান টানিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
