করোনা ভাইরাসের কারণে সারাদেশে বৃহস্পতিবার সংক্ষিপ্তভাবে পালিত হয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবস। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
বরিশাল : করোনা সংক্রমণ এড়াতে বরিশালে সীমিত পরিসরে পালিত হয়েছে দিবসটি। নগরীর সার্কিট হাউজ চত্বরে বিভাগীয় কমিশনার সুনির্দিষ্ট অতিথিদের নিয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রো পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পিরোজপুর :পিরোজপুরে অনাড়ম্বরভাবে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। এরপর সার্কিট হাউজে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পিরোজপুরেরর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী প্রমুখ। দুপুরে মসজিদে বিশেষ দোয়া ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
নড়াইল : জেলা প্রশাসক আনজুমান আরা শহরের বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং কবুতর ও বেলুন ওড়ান। পরে তিনি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন।
এছাড়া কুড়িগ্রাম, নেত্রকোনা, লালমনিরহাট, নড়াইল , জয়পুরহাট, চাঁদপুর, ভূঞাপুর (টাঙ্গাইল), ত্রিশাল (ময়মনসিংহ), রাজশাহী, বরিশালের বাকেরগঞ্জ, মুলাদী ও আগৈলঝাড়া, কিশোরগঞ্জের নিকলী ও হোসেনপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, চট্টগ্রামের চন্দনাইশ ও লোহাগাড়া, নীলফামারীর ডোমার, দিনাজপুরের ফুলবাড়ীসহ সারাদেশেই দিবসটি পালিত হয়েছে।
