লোহাগাড়ায় টহল দিচ্ছে সেনাবাহিনী ও পুলিশ

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:৫৬

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে টহল শুরু করেছে। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলায় এ কার্যক্রম শুরু হয়। জানা যায়, সামাজিক দূরত্ব বজায়, বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মান নিয়ন্ত্রণে ও জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে এ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি তারা এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করছেন। এদিকে বৃহস্পতিবার উপজেলা সদর আমিরাবাদ-বটতলী ও পদুয়া তেওয়ারী হাটে টহল পরিচালনা করা হয়। উপজেলা সদরের বটতলী আলুরঘাট এলাকায় দোকানের পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না  থাকায় সাহেব মিয়া সওদাগরকে ভোক্তা অধিকার আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি উপজেলার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।