সোনারগাঁওয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে জামপুর ইউনিয়নের মরিষটেক এলাকায় তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অজয় চন্দ্র দাস একই এলাকার নেপাল চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।
তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসানউল্লাহ জানান, ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গ্রামের বাসিন্দা। তিনি মরিষটেক এলাকায় বাসা ভাড়া নিয়ে থেকে স্থানীয় একটি স্পিনিং মিলে কাজ করেন। সে সুবাদে অজয় চন্দ্র দাসের সঙ্গে তার পরিচয় হয়। পুলিশ আরো জানায়, উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে গত এক বছর ধরে বিভিন্ন স্থানে নিয়ে ঐ তরুণীকে একাধিকবার ধর্ষণ করে অজয়। এক পর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে সে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় বুধবার রাতে গার্মেন্টস কর্মী ধর্ষণের অভিযোগে অজয় চন্দ্র দাসকে আসামি করে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। গার্মেন্টস কর্মীকে ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল নারায়ণগঞ্জ হাসপাতালে এবং গ্রেফতারকৃত যুবককে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
