শ্রীপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৪:৫৫

মাগুরার শ্রীপুরে একটি কাঁঠাল গাছ থেকে বাবলু সাহা (৫৮) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ঘাসিয়াড়া গ্রামের গোরস্থান এলাকা থেকে তার লাশ করা হয়। নিহত ব্যক্তির বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মচলন্দপুর গ্রামে। তিনি পরেশ চন্দ্র সাহার ছেলে।

নিহতের ছোট ভাই মুকুল চন্দ্র সাহা জানান, তার বড় ভাই বাবলু সাহা একজন চাউল ব্যবসায়ী। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে মাগুরা মোকামে চাউল কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেননি। শুক্রবার সকালে শ্রীপুর থানা পুলিশের মাধ্যমে তিনি তার ভায়ের মৃত্যুর খবর জানতে পারেন।

শ্রীপুর থানার অসি মো. মাহাবুবুর রহমান জানান, ঘাসিয়াড়া গ্রামের গোরস্থান এলাকার নজরুল ইসলামের পুকুর পাড়ের একটি কাঁঠাল গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সংবাদ পেয়ে পরিবারের লোকজন ও ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় লাশটি উদ্ধার করে মাগুরা মর্গে প্রেরণ করেন।

আরো পড়ুন: সড়কে ছিটানো হলো জীবাণুনাশক

তিনি আরো জানান, লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ইত্তেফাক/এমআর