প্রতিদ্বন্দ্বীদের পাশে বুন্ডেসলিগার শীর্ষ চার

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২১:২২

মাঠের খেলায় দলগুলো একে অন্যের প্রতিদ্বন্দ্বী। তবে করোনা ভাইরাস বুন্ডেসলিগার দলগুলোকে একে অপরের পাশে এসে দাঁড়াতে বাধ্যই করেছে। বৈশ্বিক এই মহামারির কারণে অর্থনৈতিক মন্দার সম্মুখীন হওয়া বুন্ডেসলিগা ও বুন্ডেসলিগা ২ এর ক্লাবগুলোকে প্রায় ১৮ মিলিয়ন পাউন্ডের আর্থিক সহায়তা দিতে যাচ্ছে লিগটির শীর্ষ চার ক্লাব বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, রেডবুল লাইপজিগ আর বেয়ার লেভারকুসেন।

করোনা ভাইরাসের কারণে জার্মান লিগ স্থগিত হয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য। ফলে দর্শকদের কাছে টিকিট বিক্রির অর্থ, প্রচারস্বত্বের ওপর নির্ভরশীল ক্লাবগুলো পড়েছে বিশাল আর্থিক ক্ষতির মুখে। তাদের এ ক্ষতি কিছুটা লাঘবের জন্যই লিগের শীর্ষ চার দল পাশে এসে দাঁড়িয়েছে তাদের।

জার্মানির সবচেয়ে ধনী চারটি ক্লাব সম্প্রচারস্বত্ব থেকে পাওয়া ১১.৪ মিলিয়ন পাউন্ড আর নিজেদের ফান্ড থেকে আরো ৬.৯ মিলিয়ন পাউন্ড জার্মানির শীর্ষ দুই লিগের দলগুলোর সাহায্যার্থে দেয়ার সিদ্ধান্ত নেয়। এ অর্থ দেয়া হবে জার্মান ফুটবল ফেডারেশনের মারফতে।