স্বরূপকাঠি স্বাস্থ্য কমপ্লেক্স

হাসপাতালে না এসে অনেকেই সেবা নিচ্ছেন ফোনে

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২১:৩৬

করোনা ভাইরাসের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অভ্যন্তরিণ বিভাগ প্রতিটি বিভাগেই রোগীর সংখ্যা কমেছে। অনেক রোগী হাসপাতালে না এসে মোবাইল ফোনে নিচ্ছেন চিকিত্সাসেবা। সর্দি, কাশি, জ্বরসহ সাধারণ রোগ নিয়ে কোনো রোগী হাসপাতালে আসছে না। গত বৃহস্পতিবার সকাল থেকে এ উপজেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ  ঘোষণার পর থেকে এ হাসপাতালে রোগীর সংখ্যা আরো কমেছে বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিগত দিনে মাসে গড়ে বহির্বিভাগে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার, জরুরি বিভাগে দেড় থেকে ২ হাজার রোগী চিকিত্সাসেবা নিতেন এবং ইনডোরে ৫০০ থেকে ৫৫০  রোগী ভর্তি থেকে চিকিত্সা নিতেন। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ২৮ জন রোগী জরুরি বিভাগে এসেছে। এর মধ্যে পাঁচ জন রোগী ভর্তি হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বলেন, হাসপাতালে আগের তুলনায় বর্তমানে রোগীর সংখ্যা অনেক কমে গেছে। রোগী কমে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে রোগীর সংখ্যা কমে গেছে। তবে অনেক রোগী মোবাইল ফোনে সেবা নিচ্ছেন। যেসব রোগী হাসপাতালে আসছে তাদেরকে চিকিত্সাসেবা দেওয়া হচ্ছে।