পঞ্চগড়ে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সজিব ইসলাম (১৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জোতসাওদা পূর্বডাঙ্গী গ্রামে। সে ঐ গ্রামের ওলেমান আলীর ছেলে। এর আগেও ঐ যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে একটি শিশুকে গম খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে সজিব। এ সময় শিশুটির চিত্কারে তার মা ছুটে আসলে পালিয়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে ২০১৯ সালের অক্টোবর সে তার গ্রামের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণে ব্যর্থ হয়ে ঐ কিশোরীর বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় মামলাটি চলমান রয়েছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আককাছ আহমদ জানান, চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ঐ বখাটে যুবককে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। মামলা হলেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
