নেত্রকোনায় করোনা মোকাবিলায় জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে সেনা টহল শুরু হওয়ার পর থেকে শহরে লোকচলাচল কমে গেছে। প্রয়োজন ছাড়া লোকজন পথে বের হচ্ছে না। পুলিশের টহল চলছে ২৪ ঘণ্টা। এদিকে বিদেশফেরত ১০০৭ জনের মধ্যে দেড় শতাধিক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকিদের ১৪ দিন পার হওয়ায় তাদের মুক্ত ঘোষণা করা হয়েছে।
নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম গতকাল শুক্রবার বলেন, জেলায় এখানো করোনা ভাইরাসে আক্রান্ত এমন কোনো রোগী শনাক্ত হয়নি বা পাওয়া যায়নি। তবে সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২৪০ পিস পিপিই পাওয়া গেছে। এছাড়া অন্যান্য চিকিত্সা-সংক্রান্ত সরঞ্জামও পাওয়া গেছে। হাসপাতালে চিকিত্সাসেবা নিতে লোকজনের আগমন একেবারে কমে গেছে। ভর্তি আছে মাত্র তিন জন। জেলা-উপজেলার সব প্রাইভেট ক্লিনিকও বন্ধ করে দেওয়া হয়েছে।
