নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুর মত্যু

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২১:৪৯

শহরের একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে আহমদ হোসেন নামে ৭ মাসের শিশু মারা গেছে। আহত হয়েছে  শিশুটির পরিবারের ৪ জন। আহতরা হলেন, শিশুটির বাবা তোফাজ্জল হোসেন (৫০), মা ফেরদৌসী বেগম (৩০), বড়ো বোন হালিমা আক্তার (১১) ও ভাই মুহাম্মদ হোসেন (৯)। নিহত শিশুর মা ও ভাই-বোনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে শহরের ১নং বাবুরাইল এলাকার বাদশা হাজীর বাড়ির নিচ তলার বাসায় ঐ ঘটনা ঘটে।

তোফাজ্জল হোসেনের ভাই রাকিব উদ্দিন জানান, ‘২তলা ভবনের নিচ তলায় দুটি রুম ভাড়া নিয়ে তোফাজ্জল হোসেন তার পরিবার নিয়ে বসবাস করেন। একটি রুমের নিচেই ছিল সেপটিক ট্যাংক। ট্যাংক থেকে গ্যাস বের হওয়ার কোনো পথ ছিল না। গতকাল ভোর পৌনে ৫টার দিকে আচমকা ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে ভবনের দেওয়ালও ভেঙে যায়। বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন ঘুমন্ত আহমদ হোসেন, তার মা ফেরদৌসী, বোন হালিমা ও ভাই মুহাম্মদ হোসেন। পাশের রুমে থাকা বাবা তোফাজ্জল হোসেনও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শিশু আহমদ হোসেনকে মৃত ঘোষণা করেন আর অন্যদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।  একইদিন বাদশা হাজীর বাড়ির থেকে ৫০ গজ দূরে তাঁতীপাড়া এলাকায় আরেকটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়। তবে এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।