বিদ্যুত্ বিলের সঙ্গে মিটারের দাম কেন?

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২১:০১

প্রি-পেইড মিটার বসানোর দায়িত্ব বাড়ির মালিকের থাকলেও ভাড়াটিয়াদের বিদ্যুত্ বিলের সঙ্গে প্রতি মাসে ৪০ টাকা করে কেটে নেওয়া হচ্ছে প্রি-পেইড মিটারের দাম। ডিপিডিসির হিসাব অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত ঢাকা শহরে প্রতি মিটারের দাম ২৫০০ টাকা হিসেবে ২ লাখ ৭৫ হাজার ৫৯ টি প্রি-পেইড মিটার বসানো হয়েছে। যার দাম হবে ৬৮ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। এই টাকার বৃহত্ অংশই যাচ্ছে ভাড়াটিয়ার পকেট থেকে। আগের অ্যানাগল মিটারের দাম বাড়ির মালিক দিলেও প্রি-পেইড মিটারের টাকা পরোক্ষভাবে ভাড়াটিয়ার কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে। বিদ্যুতের মিটারে রিচার্জের সময় মিটারের দাম নেওয়ার বিষয়টি অনেকেই বুঝতে পারেন না। তাছাড়া বাড়ির মালিকও এ বিষয় ভাড়াটিয়াদের কিছু বলেন না। এমন ভাবে কেউ পাঁচ বছর কোনো বাড়িতে ভাড়া থাকলে এবং বাড়ির মালিক মিটারের টাকা না দিলে ভাড়াটেই মিটারের মালিক হয়ে যাবে। তাই বিদ্যুত্ বিলের সঙ্গে মিটারের দাম ভাড়াটের ওপর ধার্য না করে তা বাড়ির মালিকের ওপরই বাধ্যতামূলক করা উচিত।

শামীম শিকদার

ভাকোয়াদী, কাপাসিয়া, গাজীপুর