পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

আপডেট : ২৮ মার্চ ২০২০, ০৬:৩৬

গাজীপুরের কালীগঞ্জে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় হাতে-নাতে তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে দ্রুত বিচার আইনের মামলায় তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক। 

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও চৌধূরীবাড়ী সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার পশ্চিম বালীগাঁও গ্রামের মো. হোসেনের ছেলে হাসান আহমেদ (২৫) একই এলাকার পূর্ব বালীগাঁও গ্রামের রতন দাসের ছেলে অনিক দাস (২০) ও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে সাগর (২০)।  

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও চৌধূরীবাড়ী সংলগ্ন এলাকায় পুলিশের একটি চেকপোস্ট রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতির কারণে রাস্তায় যানবাহনের চাপ কম। তাছাড়া থানা পুলিশ করোনা প্রতিরোধে স্থানীয়দের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার ব্যাপারে সচেতনতায় মাঠে কাজ করছে। তাই বর্তমানে ওই চেকপোষ্টটি বন্ধ রয়েছে। 

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে বন্ধ থাকা পুলিশের চেকপোস্টে ওই তিন যুবক পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করছিল। এ ব্যাপারে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় এবং তাদের হাতে-নাতে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তাদের কাছ থেকে চাঁদা হিসেবে কয়েকটি ট্রাক থেকে আদায় করা নগদ টাকা উদ্ধার করা হয়। পরে শুক্রবার দ্রুত বিচার আইনের একটি মামলায় দুপুরে গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে পাঠানো হয়। এদের মধ্যে দুই যুবক স্থানীয় হলেও একজন অন্য জেলার তবে সে একই এলাকায় ভাড়া থাকত।  

ইত্তেফাক/কেকে