ভারতের এ প্রজন্মের অধিকাংশ ব্যাটসম্যানই আদর্শ মানেন শচীন টেন্ডুলকারকে। হনুমা বিহারিও এর ব্যতিক্রম নয়। ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজের অনুষ্ঠান ‘স্পাইসি পিচ’-এ এসে তিনি জানালেন, নব্বই দশকে শচীনের বড়ো ভক্ত ছিলেন তিনি।
স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘যখন বড়ো হচ্ছিলাম, তখন অবশ্যই শচীন স্যারকে আদর্শ মেনেছি। তাকে দেখেই ক্রিকেট খেলার ইচ্ছাটা মনে আসে। তখন ছোটো ছিলাম, তখন তার ব্যাটিং দেখে মুগ্ধ হতাম। নব্বইয়ের দশকে তিনিই তো ব্যাটিংয়ের রাজা ছিলেন। তিনি আউট হলেই কেঁদে দিতাম, টিভি বন্ধ করে রাখতাম। শুধু আমি না, অনেকেই হয়তো করতো।’
২০১৮ সালের সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ওভালে টেস্ট অভিষেক হয় হনুমা বিহারির। ভারতের হয়ে ৯ টেস্ট খেলা এই ক্রিকেটার বলেন, ‘২০১৮ সালের সাত সেপ্টেম্বর আমার জন্য বিশেষ একটা দিন ছিল। সাউদাম্পটন টেস্টে হারের পর কোচ রবি শাস্ত্রী আমাকে তৈরি থাকতে বলেছিলেন। আমি সব সময়ই ভারতের হয়ে টেস্ট খেলতে চাইতাম। অভিষেকের দিনটা তাই আমার জন্য ছিল স্বপ্নপূরণের দিন।’
