একদিকে হাওরের বোরো ফসল ঘরে তোলা নিয়ে সংশয়, অন্যদিকে করোনা ভাইরাস সংক্রমণ। এই দুই নিয়ে দুশ্চিন্তায় আর আতঙ্কে দিন কাটাচ্ছেন মদন উপজেলার হাওরাঞ্চলের কয়েক হাজার কৃষক পরিবার। এক ফসলি বোরো ধান কেটে গোলায় উঠাতে পারবে কিনা এ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা। চৈত্র মাসের শেষের দিকেই ধান কাটা শুরু হওয়ার কথা রয়েছে বলে একাধিক কৃষক জানান।
উপজেলা তলার হাওরের কৃষক মহন মিয়া, আল্লাদ মিয়া, আহম্মদ জানান, করোনা আতঙ্কের কারণে এ বছর ধান কাটার শ্রমিক পাব না। যারা নিয়মিত ধান কেটে দিত এবার তারা আসবে না। উপজেলার ফতেপুর ইউনিয়নের কৃষক খসরু রুমান, তিয়শ্রী ইউনিয়নের কৃষক শাহাজাহান ও মাঘান ইউনিয়নের কৃষক দুলাল মিয়া বলেন, ঘরে ধান তোলার আগ পর্যন্ত আমাদের দুশ্চিন্তার শেষ নেই। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে হাওরের কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কৃষি অফিসার মো. নাজমূল হাসান বলেন, বোরো ধান কাটতে আরো বেশ কয়েকদিন বাকি রয়েছে। যদি পরিস্থিতি এরকমই থাকে তাহলে শ্রমিকরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ধান কাটতে হবে। আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে ৫০ পার্সেন্ট পরিশোধের মাধ্যমে ধান কাটার মেশিন দেওয়ার ব্যবস্থা রয়েছে। আমি মনে করি এতে ধান কাটার শ্রমিকের সমস্যা হবে না। উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়ালীউল হাসান বলেন, কৃষকদের ধান ঘরে তোলার স্বার্থেই সরকার ধান কাটার মেশিনের ব্যবস্থা করছে। ধান কাটার সময় আরো কিছু দিন রয়েছে। তাই শ্রমিক সংকট হবে না বলে আমি মনে করি।
