ভাণ্ডারিয়ায় শনিবার ভোররাতে ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহতের নাম মাহফুজা পারভিন (৪০)। ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন হাওলাদার জানান, ভাণ্ডারিয়া পৌরসভার দক্ষিণ-পূর্ব ভাণ্ডারিয়ায় প্রয়াত আব্দুল হামিদের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে পুড়ে হামিদের মেয়ে ও ভাণ্ডারিয়া খান সাহেব আব্দুল মজিদ জমাদ্দার কিন্ডারগার্টেন (কেজি) স্কুলের সহকারী শিক্ষক মাহফুজা পারভিনের মৃত্যু হয়।
ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাহফুজা আক্তার তার বাবার বাড়িতে থাকতেন।
